৭৮ বছর পর মন্ত্রী পেয়েছেন কুমিল্লার বরুড়াবাসী

৭৮ বছর পর মন্ত্রী পেয়েছেন কুমিল্লার বরুড়াবাসী

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জেলার সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে মন্ত্রী করা হয়েছে। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

৭৮ বছর পর উপজেলায় প্রথম মন্ত্রী পাওয়ায় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। উপজেলাজুড়ে করা হয় মিষ্টি বিতরণ।

জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জাকারিয়া তাহের সুমন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি ২০০৪ সালে ডিসেম্বরে উপ নির্বাচনে বরুড়া থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে দ্বিতীয় বারের মতো এক লাখ ৬৯ হাজার ১৭৮ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, কুমিল্লার ১১টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছেন জাকারিয়া তাহের সুমন। দীর্ঘ ৭৮ বছর পর আমরা মন্ত্রী পেয়েছি। আশা করি এবার বরুড়ার ব্যাপক উন্নয়ন হবে।     

উল্লেখ্য, জাকারিয়া তাহেরের বাবা এ কে এম আবু তাহের এই আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠা হয়। এরপর গত ৭৮ বছরে বরুড়া উপজেলা থেকে কেউ মন্ত্রী হননি। জাকারিয়া তাহেরই প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন।