নওগাঁর ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির চেষ্টা, কসাই গ্রেপ্তার
প্রতিকী ছবি
নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির ঘটনায় অভিযুক্ত কসাই মো. এনতাজুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার নানাইচ এলাকা থেকে তাঁকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। এ ঘটনায় অভিযুক্ত দুলু মিয়া (৫৭) নামের অপর একজন কসাই পলাতক রয়েছেন।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে কসাই এনতাজুলকে মামলার মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
অপর আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ভোরে মঙ্গলবাড়ী এলাকার আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই জবাই করা কুকুর খাসির মাংস হিসেবে মঙ্গলবাড়ী বাজারে বিক্রির চেষ্টা করেন তাঁরা। ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।