ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জহির উদ্দিন স্বপন

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ সময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে জানান, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যাঁরা বাস করেন, তাঁদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, বিশেষ করে গণমাধ্যমের মতো পেশায় যাঁরা কাজ করেন।

জহির উদ্দিন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশাআল্লাহ।

সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি : গতকাল মন্ত্রণালয়ে যাওয়ার আগে জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি, থাকব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেস ক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।

দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব ভালো করেই জানি, সাংবাদিকসমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমাদের কর্মকৌশল-কর্মপরিকল্পনা আপনাদের সামনে হাজির করব।

সাংবাদিকসহ অংশীজনদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ের আশ্বাস দেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, সহসভাপতি কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।