নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ সদস্য আহত

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আহতরা হলেন- এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, রসুলপুর এলাকার জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেফতারের উদ্দেশ্যে বুধবার দিবাগত রাতে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে গ্রেফতারের করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।