জামিনে বেরিয়েই উদ্দাম নাচ রাজপালের

জামিনে বেরিয়েই উদ্দাম নাচ রাজপালের

ছবি: সংগৃহীত

এগারো দিন কারাবাস শেষে চেক বাউন্স মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। বেরিয়েই নেচেছেন উদ্দাম নাচ। সামাজিক মাধ্যমে সে ভিডিও হয়েছে ভাইরাল।

মূলত ভাইয়ের মেয়ের বিয়েতে যোগ দিতে আদালতে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। এরপর-ই অন্তর্বর্তী জামিন দেওয়া হয় তাকে। ভাইয়ের মেয়ের বিয়েতে যোগ দিয়ে মন খুলে নাচেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ধুতি-কুর্তা পরে নারী পরিবেষ্টিত হয়ে বাজনার তালে নাচছেন রাজপাল। কেউ একজন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই লুফে নেন নেটিজেন। ফলে ভাইরাল হতে আর সময় লাগেনি।

প্রায় দেড় দশক আগের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি দিল্লির আদালত রাজপালকে তিহার জেলে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 
আদালত তার নির্দেশনায় বলেন, ‘আদালত আবেদনকারীর (রাজপাল যাদব) তিহার জেল সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহারের জন্য আবেদনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তাঁকে আজই (৪ ফেব্রুয়ারি) তিহার জেল সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হচ্ছে।’ 

জেল কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের আদেশের পরপরই বিকেল ৪টার দিকে অভিনেতা জেল সুপারিনটেনডেন্টের কাছে হাজির হন।

মামলার সূত্রপাত ২০১০ সালে। ‘আতা পাতা লাপাতা’নামের একটি সিনেমা প্রযোজনা করেন রাজপাল। ছবিটি নির্মাণের জন্য তিনি মেসার্স মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। সুদ, জরিমানা ও বিলম্বের কারণে সময়ের সঙ্গে সেই ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৯ কোটি।