নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ নিয়ে আলোচনা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ নিয়ে আলোচনা

সংগৃহীত ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি (পিএসএস) যৌথভাবে ‘দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাটি গত বুধবার এনএসইউর সিন্ডিকেট হলে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল। তিনি এনএসইউর উচ্চ একাডেমিক মান ও গবেষণাধর্মী পরিবেশের প্রশংসা করেন।

তিনি এনএসইউ ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পিএইচডি শিক্ষার্থীদের যৌথ তত্ত্বাবধানের প্রস্তাব দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এ অঞ্চলের প্রায় ৬০ শতাংশ জনগোষ্ঠী ৩০ বছরের নিচে, ফলে ভবিষ্যৎ উন্নয়নের কৌশলগত সম্পদ হিসেবে তরুণ জনগোষ্ঠীকে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সম্প্রতি আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর স্কলারশিপ কনটেস্টের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এনএসইউর শিক্ষকরা একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষাগত অংশীদারি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।