প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: অনলাইন আবেদনের সময় বাড়াল এনটিআরসিএ

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: অনলাইন আবেদনের সময় বাড়াল এনটিআরসিএ

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য অনলাইন আবেদনের সময়সীমা সাতদিন বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্থাটির পরিচালক (পরীক্ষা মূল্যায়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারিত ছিল ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তবে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।