সিরাজগঞ্জে ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

সিরাজগঞ্জে ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

সংগৃহীত ছবি

মসজিদের উন্নয়ন কল্পে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাঠ সরিষা শুকানোর জন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ার প্রতিবাদে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। এসময় ওসি জাফর ইমামের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে মিছিলটি সলঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে থানার প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন স্থানীয়রা।

বিক্ষোভকারী স্থানীয় বিএনপির নেতা আলাউদ্দিন বলেন, থানার সামনের মাঠটিকে আমাদের দুই গ্রামের ছেলেরা খেলাধুলা করে।

অথচ সেই মাঠ সরিষা শুকানোর জন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এ অবস্থায় ওই মাঠের ভেতর কেউ খেলতে গেলে ওসি নিজেই তাদের প্রবেশে বাধা দিচ্ছেন এবং সেখানে কাউকে অবস্থান করতে দিচ্ছে না। আমরা খেলার মাঠ উন্মুক্ত চাই। এ কারণে ওসির অপসারণ দারি করেন তিনি।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, মাঠটি থানার দখলে থাকা সরকারি সম্পত্তি। সরিষা শুকানোর বিনিময়ে অনেক আগে থেকেই ব্যবসায়ীরা থানার মসজিদ উন্নয়ন ফান্ডে কিছু টাকা দিয়ে আসছে। সম্প্রতি কিছু লোক মাঠ ভাড়া বাবদ অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেছিল, কিন্তু তারা দেয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার মিটিং করে সরিষা শুকানোর বিনিময়ে ৬০ হাজার টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে মসজিদ উন্নয়ন ফান্ডে জমা দেওয়া হয়েছে।

ওসি আরো বলেন, শুক্রবার ওই ব্যবসায়ীরা মাঠে সরিষা শুকাতে আসলে অবৈধভাবে টাকা দাবি করা ওই সব লোকজন তাতে বাধা দেয়। ওই সময় মাঠটি পুলিশের পক্ষ থেকে তাদের ভাড়া দেওয়া হয়েছে একথা জানানোর পরই তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরবর্তীতে তারা লোকজন নিয়ে মিছিল করেন ও নানা স্লোগান দেন।