কুষ্টিয়ার কুমারখালীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি।। ছবিঃ সংগৃহিত।

কুষ্টিয়ার কুমারখালী পৌর শহরের কেন্দ্রস্থল বড় মসজিদের পাশে অবস্থিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সাটার ও তালা ভেঙে সংঘটিত এই চুরিতে নগদ অর্থসহ মালামাল লোপাট করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মসজিদ সংলগ্ন মোল্লা অফসেট প্রিন্টিং প্রেসে সাটার ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়। একই সময়ে পাশের দোকান আলামিন স্টোর থেকেও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও নগদ ১০–১২ হাজার টাকা চুরি হয়েছে।

এছাড়া একই মার্কেটের দোতলায় ভাড়া বাসার প্রতিটি কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেলেও সেখান থেকে উল্লেখযোগ্য কোনো চুরির অভিযোগ পাওয়া যায়নি।

মোল্লা অফসেট প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী জানান, সকালে দোকান খুলতে এসে সাটার ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল না থাকায় তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করলেও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ এটিকে নেশাগ্রস্তদের কাজ বলে ধারণা করছেন, আবার অনেকে পরিকল্পিতভাবে পেশাদার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করছেন।

উল্লেখ্য, বড় মসজিদ এলাকা কুমারখালীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত দোষীদের শনাক্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।