দিনাজপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না: জাহাঙ্গীর

দিনাজপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না: জাহাঙ্গীর

সংগৃহীত ছবি

কোন চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর স্থান দিনাজপুরে হবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিগত বিএনপি সরকারের আমলে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের হাত ধরেই দিনাজপুর শিক্ষা বোর্ড, মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত ১৭ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। বঞ্চিত হয়েছে দিনাজপুরবাসী। আমরা আর পিছনে তাকাতে চাই না। 

তিনি বলেন, দিনাজপুরে ভারী কোন শিল্প কলকারাখানা গড়ে উঠেনি। জমি অধিগ্রহণ করলেও অর্থনৈতিক জোন এখনও ফাইল বন্ধী। দিনাজপুরে দুই থেকে তিন লেনের লেনের সড়ক নেই। সীমান্ত ঘেষা হওয়ায় মাদকের ছোবল আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। শিক্ষত তরুণ তরুণীরা বেকার। দিনাজপুরে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে হাসকিং শিলগুলো বন্ধ হয়ে গেছে।

আগামীতে কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে দিনাজপুরে কৃষি শিল্প গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।