বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ফাইল ছবি
বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ ৩৯০ স্কোর অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
তৃতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের দূষণ স্কোর ২১৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।