আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ছবি: প্রতিনিধি
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর চেতনায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ।
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. গোলাম রহমান দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে খুব কম জাতিই রয়েছে যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত দিয়েছে ও জীবন উৎসর্গ করেছে। একমাত্র বাঙালি জাতিই ভাষার দাবিতে সংগ্রাম করে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ভাষা আন্দোলনের শহীদ রফিক, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অধ্যক্ষ আরও উল্লেখ করেন, বাংলা ভাষার পক্ষে সর্বপ্রথম সোচ্চার প্রতিবাদ জানান প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ। তাঁর অবদান ভাষা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. নাফিসা রশিদ এবং সহযোগী অধ্যাপক ডা. শামসুদ্দিন হীরা, বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ।
অত্র আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, আবৃত্তি করা হয় কবিতা এবং পবিত্র কোরআন তেলাওয়াত।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শ্রদ্ধা, ভালোবাসা ও দেশপ্রেমের আবহে পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি।