সালমানের বাবাকে দেখতে হাসপাতালে শাহরুখ খান
ছবি: সংগৃহীত
গেল কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সালমান খানের বাবা সেলিম খান। জনপ্রিয় চিত্রনাট্যকারের অসুস্থতার খবরে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন আমির খান, সঞ্জায় দত্তসহ অনেকেই। শনিবার সন্ধ্যায় সেলিম খানকে দেখতে হাসপাতালে যান বলিউড বাদসা শাহরুখ খান।
হাসপাতালে শাহরুখের সঙ্গে ছিলেন সালমান খান। দুই তারকার প্রায় তিন দশকের বন্ধুত্ব। ‘কুচ কুচ হোতা হে’, ‘করণ অর্জুন’সহ বেশকিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা। সালমানের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শাহরুখের।
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আমি আজ শাহরুখ খান হতে পেরেছি শুধু সেলিম খানের জন্য। আমি যখন মুম্বাইয়ে এসেছিলাম তখন আমি কিছুই চিনতাম না। আমার মনে আছে সালমানের গোটা পরিবার আমাকে কীভাবে আপন করে নিয়েছিল। সেলিম জি আমাকে সবসময় সমর্থন করেছিলেন, তাই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’
সেলিম খানের চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পর এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত তিনি। তবে আপাতত তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।