বগুড়ায় সেমাই তৈরির কারখানায় জরিমানা
সংগৃহীত ছবি
বগুড়ার শাজাহানপুরে নিউ মাইশা স্পেশাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মাদলা পুর্বপাড়া এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচলনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা।
জানা যায়, উপজেলার মাদলা পুর্বপাড়া এলাকায় অবস্থিত নিউ মাইশা স্পেশাল সেমাই কারখানায় বিএসটিআই এর মানসনদহীন ও অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণ করা হচ্ছে। এছাড়া পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানার মালিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণ করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।