মসুর ডাল দিয়ে চাল কুমড়া রান্নার রেসিপি
ছবিঃ সংগৃহীত।
রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার আগে সেহরির খাবার হতে হবে পুষ্টিকর, সহজপাচ্য এবং তৃপ্তিদায়ক।ভারী বা অতিরিক্ত তেল–মসলা দেওয়া খাবার দিনের বেলায় অস্বস্তি বাড়াতে পারে। তাই সেহরির পাতে রাখতে পারেন মসুর ডালের সঙ্গে চালকুমড়ার হালকা ও স্বাস্থ্যকর পদ।
মসুর ডাল প্রোটিন, আয়রন ও ফাইবারের ভালো উৎস, আর চালকুমড়া শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা কমাতে সহায়ক। এই দুই উপাদানের সমন্বয় সেহরিতে দেবে প্রয়োজনীয় শক্তি, রাখবে পেট ভরা অনুভূতি এবং সারাদিন শরীরকে রাখবে স্বস্তিতে। রইলো রেসিপি
উপকরণ
চালকুমড়া ১টি
মসুর ডাল ১ কাপ
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
হলুদগুঁড়ো ১ চা-চামচ
মরিচগুঁড়ো আধা চা-চামচ
মেথি আধা চা-চামচ
লবণ স্বাদমতো
তেল দেড় টেবিল চামচ
কাঁচামরিচ ৫-৬টি
টমেটো ১টি
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ টি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই চালকুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে একটি হাঁড়িতে তেল পেঁয়াজকুচি, মেথি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে মসুর ডাল দিয়ে কয়েক মিনিট ভাজুন। প্রয়োজনে অল্প পানি দিন। ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে চালকুমড়ার টুকরা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে প্রয়োজনমত পানি দিয়ে ঢেকে দিন। ডাল ও চালকুমড়ো সেদ্ধ হয়ে এলে টমেটো টুকরা দিয়ে দিন। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর রেসিপি।