তাজুলের নিয়োগ বাতিল নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

তাজুলের নিয়োগ বাতিল নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে।

গতকাল সোমবার নতুন এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় আইন মন্ত্রণালয় থেকে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো।

ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

চব্বিশের গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে।

এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার এ নিয়োগ বাতিল করল।

 

নতুন চিফ প্রসিকিউটরের প্রতিশ্রুতি

চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে ট্রাইব্যুনালে বিচারকাজে আন্তরিক সহযোগিতা করতে পারি।’

সদ্যোবিদায়ি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বন্ধু সম্বোধন করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল ইসলাম।

তিনি বলেন, যাঁরা কোনো অন্যায় করেননি, এই ট্রাইব্যুনালে তাঁরা কোনো হয়রানির শিকার হবেন না। কিন্তু যাঁরা প্রকৃত অপরাধী, প্রাপ্য সাজা তাঁদের পেতে হবে।

 

বিদায়ি চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া

এদিকে নতুন চিফ প্রসিকিউটরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানান সদ্য বিদায় নেওয়া মোহাম্মদ তাজুল ইসলাম। নিয়োগ বাতিল করাকে স্বাভাবিক প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি।

নতুন চিফ প্রসিকিউটরের প্রতি শুভ কামনা জানানোর পাশাপাশি তাজুল ইসলাম জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচারপ্রক্রিয়া যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন।

নিজের দায়িত্বকালে যেসব বিচার ও মামলার রায় হয়েছে, তা নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী তাজুল বলেন, ‘আমি খুব কনফিডেন্ট। যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে (আপিল বিভাগে) গিয়ে জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই।’