হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
মৃত তাহেদী আক্তার স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও গ্রামে। তার বাবা মো. লিটন মিয়া পেশায় গার্মেন্টস কর্মী। বর্তমানে পরিবারসহ হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। এক ভাই ও এক বোনের মধ্যে তাহেদী ছিল ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাসার বাইরে বের হয় তাহেদী। পরে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর বাসার পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় পানিতে পড়ে থাকতে দেখা যায় তাকে। রাত বারোটার দিকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে হাতিরঝিল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহায়তায় রাত পৌনে তিনটার দিকে তাহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, লিফটের পানির ভেতর থেকে উদ্ধারের পর তাহেদীর মুখে বিস্কুটের গুঁড়া দেখা গেছে। পাশের ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে, তা খতিয়ে দেখার দাবি জানান তাহেদীর পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট হাতিরঝিল থানা অবগত আছে।