রাজধানীর লালবাগে মুরগির দোকানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি
রাজধানীর লালবাগে মুরগির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
শিহাব শরীয়তপুরের নড়িয়া উপজেলা রাজনগর গ্রামের হারুন ব্যাপারীর ছেলে।
বর্তমানে পরিবারের সঙ্গে নবাবগঞ্জ বাজারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভগ্নিপতি সুজন মিয়া জানান, শিহাব রাতে দোকানে বিদ্যুতের সকেট লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার ডিউটি অফিসার কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আত্মীয় ও সংশ্লিষ্টদের দাবি, দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।