কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতিকি ছবি
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪৫)। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। তার গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরসিতায়জাহ এলাকায়। তিনি আব্দুর সাত্তারের ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে তিনি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে