উন্নয়ন পরিকল্পনার স্বার্থে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : ডা. শাহাদাত

উন্নয়ন পরিকল্পনার স্বার্থে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : ডা. শাহাদাত

সংগৃহীত ছবি

বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। তাই আমরা পরিকল্পিতভাবে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি।

তিনি আরও বলেন, কালুরঘাট শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ, খালে পানিপ্রবাহের সক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ সেতু নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনকে সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল, পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত মাহমুদ আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।