ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সিএমপির পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু জানান, কারখানার সামনে আকাশের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তাদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
আকাশ দাশের সহকর্মীরা জানান, কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল একটি চক্র। আকাশ প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত ছিল। এর জের ধরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহতের ভাই সাগর দাশ জানান, রাত আটটার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডায় জড়াতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। এসময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।