বাঞ্ছারামপুরে পুলিশের গাড়ি উল্টে আহত ৭
প্রতিকি ছবি
বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে প্রতিমন্ত্রীকে সালাম দিতে রওনা হয়। পথিমধ্যে ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে যায়।
দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, জুমার নামাজের পর প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।