নতুন বিমানবন্দর নয়, পুরাতনগুলো চালুর তাগিদ: প্রতিমন্ত্রী মিল্লাত

নতুন বিমানবন্দর নয়, পুরাতনগুলো চালুর তাগিদ: প্রতিমন্ত্রী মিল্লাত

সংগৃহীত ছবি

বিগত সরকারের সময় বন্ধ হওয়া বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। শুক্রবার দুপুরে জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

নতুন বিমানবন্দর চালুর বিষয়টি এই মুহুুর্তে অসুবিধা রয়েছে জানিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিগত সরকার নানান কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারো চালু করবো আমরা। এরপর যদি নতুন করে কোন বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নেয়া হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হজের টিকিটের দাম কমাতে এবং বিমানের টিকেটের দাম এতো কেন হবে? কারণ বিমানতো ক্রমাগত লোকসানে ছিলো, কিন্তু আমরা হিসাব করে দেখলাম, বিমান কেন ক্রমাগত লোকসানে ছিলো, এটাকে লাভজন করা সম্ভব এবং টিকেটের দামও কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব এবং টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে। 

তিনি বলেন, সীমান্তবর্তী ঘেষা বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি আমার নির্বাচনী এলাকায় রয়েছে, এটি দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি যেহেতু পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, অবশ্যই লাউচাপড়াকে পরিকল্পিতভাবে দৃর্ষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।
  
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, সাংবাদিক হাফিজ রায়হান সাদা, লুৎফর রহমান, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ আরও অনেকে।