মার্কিন হামলা ইরানিদের জন্য ‘সরকার পরিবর্তনের সুযোগ’: জেলেনস্কি
সংগ্রহীত ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরয়েলের হামলা দেশটির জনগণের জন্য তেহরানের ‘সন্ত্রাসী সরকার’ অপসারণের একটি সুযোগ সৃষ্টি করেছে। ২০২২ সাল থেকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন বহুবার অভিযোগ করেছে যে, ইরান মস্কোকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কিয়েভ থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইরানের জনগণকে সন্ত্রাসী শাসন থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়া ন্যায্য, এই শাসন ইরান থেকে উৎপন্ন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত সব জাতির নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ। যখনই আমেরিকা দৃঢ় থাকে, বৈশ্বিক অপরাধীরা দুর্বল হয়ে পড়ে।’
জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ‘৫৭ হাজারের বেশি শাহেদ-ধরনের আক্রমণাত্মক ড্রোন’ ব্যবহার করেছে, যা তাদের জনগণ, শহর ও জ্বালানি খাতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, ‘ইউক্রেন কখনও ইরানকে হুমকি দেয়নি। কিন্তু ইরানি শাসন পুতিনের সহযোগী হওয়ার পথ বেছে নিয়েছে।’
এর আগে শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি সরকারের ‘নিজ দেশের জনগণ ও অন্যান্য দেশের বিরুদ্ধে সহিংসতা’ বর্তমান হামলার পটভূমি তৈরি করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো ইরানি শাসনের সহিংসতা ও স্বেচ্ছাচারিতা—বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও দমন-পীড়ন।’