চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি মো. মহসিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসিন একই থানার বাইন্নাপাড়া এলাকার মৃত কবির মিয়ার ছেলে। এর আগে গত শুক্রবার এই মামলার আরেক আসামি নাজমুল হুদাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা আকাশ দাশ (২৬) পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি রাতে কারখানা এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকাশের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মহসিন ওই মামলার পাঁচ নম্বর আসামি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকাশ হত্যা মামলার আসামি মো. মহসিনকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।