ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে দেশের ৭ টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসজুড়ে ৭টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

 

এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক।

 

বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া বিদেশি খাতের ব্যাংক আল ফারাল, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি।

ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার।

 

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২১৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

 

এর আগে গত জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

 

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।