সিংড়ায় ডিমের দামে ধস, ক্ষতির মুখে হাঁস খামারি

সিংড়ায় ডিমের দামে ধস, ক্ষতির মুখে হাঁস খামারি

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় চলনবিলের হাঁস খামারিরা বড় ক্ষতির মুখে পড়েছেন। পাইকারি বাজারে এখন ডিম বিক্রি হচ্ছে ৮-১০ টাকায়, যা আগের ১৫-২০ টাকার তুলনায় অর্ধেকেরও কম।

খামারিরা বলছেন, দাম এমন কম থাকলে হাঁস পালন চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়বে।

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের বাজোরে দেখা গেছে, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস, আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারি জাহিদ হাসান জানান, ‘ডিমের দাম এত কম যে আমরা লোকসানে পড়ে গেছি। এভাবে চলতে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। খাবারের দাম বাড়লেও ডিমের দাম কমে গেছে। এরকম চলতে থাকলে আর হাঁস পালন করা সম্ভব হবে না। এক মাস আগে ডিমের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা এখন ডিমের দাম পাচ্ছি ৭ থেকে ৮ টাকা।’

ডিমের পাইকার শহিদুল জানান, ‘বেচাকেনা কম, আমদানি বেশি। গরম পড়ছে, মানুষ খাচ্ছে কম, এজন্য ডিমের দাম কম। তবে আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আবার আগের দামে ডিম বিক্রি সম্ভব হবে।’

চলনবিল ডিমের আড়তদার ওহাব জানান, ‘রমজান উপলক্ষে ডিমের দাম কম, খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাবারের দাম অনুযায়ী ডিমের দাম খুবই কম।’

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, ‘পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি, দ্রুতই খামারিরা ন্যায্যদাম ফিরে পাবেন।’