কচুয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা
প্রতিকি ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামের বটতলা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে।
সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, ফিড মিল, গ্যারেজ, টেইলারিং এবং চারটি মুদি দোকান।
ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের আরও সাতটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আটটি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি খাদ্য সহায়তা ও কম্বল বিতরণসহ প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।