রাজবাড়ীতে প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় আসামি
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ধর্ষণ মামলার আসামি ফজলুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পৌরসভার ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফজলুর রহমান প্রবাস থেকে ফিরে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় রাজবাড়ী জেলা কারাগারে আছেন।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফজলুর রহমানের পিতা খালেক প্রমাণিক মঙ্গলবার ভোরে মারা যান। বাবার জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাকে মুক্তি দেন। বাবার দাফনের পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।’
রাজবাড়ী জেলা কারাগারের জেলা সুপার মো. এনামুল কবির বলেন, ‘এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির পর দুপুর তিনটার দিকে ফজলুর রহমানকে পুলিশ কারাগারে দিয়ে গেছে।’
উল্লেখ্য, ২০১৯ সালে ২৮ জানুয়ারি মাসে এক কিশোরীকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয় ফজলুর রহমান। ২০২১ সালের ১৬ মার্চ ওই কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।