নিরাপদ দেশ গড়তে তারেক রহমানের পাশে থাকতে হবে : প্রিন্স
সংগৃহীত ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। বাবা-মায়ের মতোই তাঁর হাত যেন যাদুর কাঠি-যেখানেই স্পর্শ করছেন, সেখানেই জনগণ আশা জাগানিয়া ফল পাচ্ছে।
মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এসময় প্রিন্স বলেন, তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যারা একসময় ভুয়া বলেছিলেন, তারাও আজ তারেক রহমানকে যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও সরকার গঠনের পর পরই সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ, খতিব, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ মিল-কারখানা চালুর মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করছেন তারেক রহমান।
সকলের কাছে তারেক রহমানের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের জন্য নিরাপদ দেশ গড়তে তারেক রহমানের পাশে থাকতে হবে।
প্রিন্স বলেন, গারো পাহাড়ের পাদদেশে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাময়িকভাবে রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, কিন্তু জনগণের উন্নয়নের স্বপ্ন থেমে থাকবে না। তিনি জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়-আমরাই সেই পরিবর্তনের বাহক।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।