চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধায় বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি কারখানায় চাঁদা দাবির অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের একটি এগ্রোভেট কারখানায় চাঁদা দাবির এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির, বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

পুলিশ জানায়, দুই লাখ টাকা চাঁদা দাবির একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বুধবার বিকালে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।