সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে: এমপি বাবর

সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে: এমপি বাবর

সংগৃহীত ছবি

সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সমাজে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা ভোগ করে, আপনারাও সমান অধিকার পাবেন। হিন্দু সম্প্রদায়কে কেউ হুমকি দিলে কঠোর হস্তে দমন করা হবে।’

বুধবার সকালে গান্দিয়াসুর রঞ্জন গোঁসাই সেবাশ্রমে তিনি এ কথা বলেন।  

এ সময় তিনি সেবাশ্রম মন্দির পর্যন্ত রাস্তা কার্পেটিং করে দেওয়ার ঘোষণা দেন। সভায় জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে বিকাল ৪টায় ডা. বাবর ‘হরিচাঁদ গুরুচাঁদ সাতপাড় সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে’ যান। সেখানে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বাবর বলেন, ‘আমি কথা দিয়েছিলাম সাতপাড়ে মডেল মন্দির করে দেব। আপনারা জায়গা নির্ধারণ করে দিন, আমি সেখানে দৃষ্টিনন্দন মডেল মন্দির স্থাপন করব।’

এছাড়া তিনি মন্দিরের সামনের মাঠ বালু ভরাট করে উঁচু করা এবং শ্মশানঘাট পর্যন্ত রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন মতুয়া সম্প্রদায়ের শ্রী পদ্মনাভ ঠাকুর, শ্রী সম্পদ ঠাকুর, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব। 

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, কায়েস আহমেদ লিপু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান ও যুবদল নেতা ধলা মিনাসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।