চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ককটেল বিস্ফোরণ
প্রতিকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন একটি বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন বাড়ির সামনে রাখা নির্মাণসামগ্রীর কাছে দুর্বৃত্তরা অন্তত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুই পক্ষই একে অপরকে দায়ী করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তাজকেরা বেগম (৬০) তাঁর ভোগদখলীয় জমিতে একটি পাকা বাড়ি নির্মাণ করছেন। ওই জমির মালিকানা নিয়ে তাঁর আত্মীয় মো. শামসুল (৬০) ও তাঁর কয়েক ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার রাতে বাড়ির সামনে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এরপর ৮–১০ জনের একটি দল বাড়িতে ঢুকে শাটারিং ভাঙচুর করে এবং বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত করে। আতঙ্কের কারণে বাড়িতে থাকা তাজকেরা বেগমের পরিবারের সদস্যরা তখন কোনো বাধা দিতে পারেননি।
ঘটনার পর বুধবার (৪ মার্চ) সকালে তাজকেরা বেগম শামসুলসহ কয়েকজনকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অপরদিকে শামসুলও একই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তানুয়ায়ী পরবতীর্ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।’