আশুলিয়ায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ার একটি কাঠের ফার্নিচার তৈরির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকার আনারুলের মালিকানাধীন মক্কা ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে আশুয়িার জামগড়া মোল্লা বাজার এলাকার আনারুলের মালিকানাধীন ‘মক্কা ফার্নিচার’ নামক কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
এ সময় দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের সমস্ত কাঠ পুড়ে কয়লা হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আগুনে ফার্নিচারের দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানানো যাবে।