সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩৪

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প ও গোদনাইল মাঝিপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২১ জনকে আটক করা হয়। এছাড়া ২ জন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি, ৫ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ৩৪ জনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। গ্রেপ্তাররা হলেন— মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।