নিয়মিত রোল-অন সুগন্ধি ব্যবহার, নিজের ক্ষতি ডাকছেন না তো?
ছবি: সংগৃহীত
শীতের পাঠ চুকিয়ে প্রকৃতিতে আসতে চলেছে গ্রীষ্ম। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা আর আর্দ্রতা। এসময় শরীরের ঘাম ও দুর্গন্ধ এড়াতে অনেকেই রোল-অন সুগন্ধি ব্যবহার করেন। ছোট হওয়ায় এটি সহজেই ব্যাগে ভরে বহন করা যায়। ব্যবহারে ঝামেলাও কম। কিন্তু নিয়মিত এই পণ্যটি ব্যবহার করার অভ্যাস থাকলে সতর্ক হওয়ার সময় এসেছে। নয়তো প্রভাব পড়তে পারে ত্বক ও স্বাস্থ্যে।
দীর্ঘ দিন রোল-অন সুগন্ধি ব্যবহার করলে নানাবিধ ক্ষতি এবং সমস্যার সম্মুখীন হতে পারেন। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই-
১. চুলকানি ও অ্যালার্জি
রোল-অন সুগন্ধিতে অ্যালুমিনিয়াম বা অ্যালকোহলযুক্ত উপাদান আছে কি না দেখে নিন। এসব উপাদান দীর্ঘ দিন ব্যবহারের ফলে ত্বকে র্যাশ দেখা দিতে পারে। পাশাপাশি দেখা দিতে পারে চুলকানি ও অ্যালার্জিও।
এর বিশেষ কারণ হলো, রোল-অন ব্যবহার করলে তার অবশিষ্টাংশ বাহুমূলে পড়ে থাকে। সাদা সাদা দাগ হয়ে যায় ত্বকে। এই অবশিষ্টাংশ ত্বকের জন্য মোটেও ভালো নয়। ত্বকের সবচেয়ে বাইরে থাকা এপিডার্মাল স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে এর কারণে। উপরন্তু, রোল-অন সুগন্ধি অতিরিক্ত ব্যবহার করলে বাহুমূলে কালচে দাগ হয়ে যেতে পারে।
২. ত্বকে অস্বস্তি
রোল-অন সুগন্ধি ব্যবহার করার পর বাহুমূল বেশ কিছুক্ষণ সিক্ত থাকে। শুকাতে যথেষ্ট সময় নেয়। এই ভিজে ভাবের কারণে অনেকক্ষণ ধরে চটচটে অনুভূতি থাকে, যা ত্বকে অস্বস্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে গরমকালে বেশি ঘাম হলে অতিরিক্ত ভিজে ভাব সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। সেসময়ে শরীরের দুর্গন্ধও পুরোপুরি কমাতে পারে না রোল-অন ডিওডোরেন্ট।
৩. বৈচিত্র্যের অভাব
বাজারে রকমারি সুগন্ধের রোল-অন পাওয়া যায় না। বাহারি গন্ধের বিকল্প খুবই সীমিত। বাহুমূল পরিচর্যার অন্যান্য পণ্যের তুলনায় রোল-অন-এ বৈচিত্র্য কম। একই পণ্য দীর্ঘ দিন ব্যবহার করতে করতে অনেক সময়ে তার কার্যকারিতাও কম মনে হতে পারে। তাই মাঝেমধ্যে পণ্য বদলানোও ভালো।