ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে: এমপি খোকন তালুকদার

ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে: এমপি খোকন তালুকদার

সংগৃহীত ছবি

ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, যারা আন্দোলন সংগ্রামের সময় রাজপথে থেকে দলকে শক্তিশালী করেছেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়।

শনিবার মাদারীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের কুকরাইল এলাকার আহমাদিয়া কামিল মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, ‘জাতীয়তাবাদী দলের দুর্দিনে অনেকেই রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, আজ তারা আমার সামনে বসে আছেন। তাদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাব। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ইফতার মাহফিলে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।