কুমিল্লায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতির র্যালি ও আলোচনা সভা
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সমিতিটি পরিচালিত চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি ঢালী।
ডা. এ কে এম আব্দুস সেলিম বলেন, নারীদের অধিকার আদায়ে এবং নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নে বৈষম্য দূর করতে হবে। তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরেজমিনে এসে কুমিল্লায় বিকো ও চক্ষু হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
এ সময় তিনি কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেত্রী বেগম রাবেয়া চৌধুরী, নারীনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত ডা. যোবায়দা হান্নান, ডা. ওয়ালী উল্লাহসহ বিকো ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মো. মোস্তাক আহম্মেদ মজুমদার, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান, জুনিয়র কনসালটেন্ট ডা. প্রাণতোষ চন্দ্র পাল, ডা. মো. গোলাম মোস্তফা, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. মাঈনুদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ঘারমোড়া এ কে ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে নারী দিবস উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আয়েশা খানম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইপিআই কর্মকর্তা উম্মে সায়েরা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন মোল্লাসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন বিকো ও চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার দে।