বিএনপির দু পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

বিএনপির দু পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু পক্ষের ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন। রোববার (৮ মার্চ) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠের আশেপাশে এলাকায়  এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয়রা জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিস্কৃত সাইফুল ইসলাম ফিরোজ নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে ইফতারের আয়োজন করেছিলেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়। তবে একই দিনে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।