চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ কোর্টপাড়ায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ চলাকালে দেয়াল ধসে পড়ে নাইরুল ইসলাম (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় ৯ থেকে ১০ জন শ্রমিক গভীর খনন কাজ করার সময় আচমকা পাশ থেকে একটি দেয়াল ধসে নীচে গিয়ে নাইরুলের মাথার উপর পড়ে।

এ ঘটনায় শহরজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডের অরুনবাড়ি বেহুলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে। জানা গেছে, তার ঘরে মাত্র ১৬ দিন বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টপাড়া এলাকায় সড়কের পাশে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য ৯–১০ জন শ্রমিক গভীর খননকাজ করছিলেন। এ সময় পাশের একটি বাড়ির পাকা সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে।

দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাইরুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘দূর্ঘটনাবশত ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় একটি মামলা করা হবে। সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌর কতৃর্পক্ষের সঙ্গে কথা বলা হবে।’

এদিকে দীর্ঘদিন ধরে শহরজুড়ে চলমান ড্রেন নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। শ্রমিকদের সুরক্ষার জন্য হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়েও পৌর কর্তৃপক্ষের কোনো স্পষ্ট উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিক ইসলাম পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

তবে টাউন প্ল্যানার ইমরান হোসাইন বলেন, কিছু ক্ষেত্রে পৌরসভার অবহেলার বিষয় থাকতে পারে। পাশাপাশি ঠিকাদার ও শ্রমিকদেরও অনেক সময় নিরাপত্তা নির্দেশনা মানতে অনীহা দেখা যায়।