মাদারীপুরে গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে একই এলাকার ওহিদুল খাঁ’র মেয়ে সাথী আক্তারের সাত মাস আগে বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম প্রবাসে চলে যান।

এরপর থেকে গৃহবধুর ওপর শ্বশুরের কুনজর পড়ে এবং তাকে মানসিকভাবে নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

নিহতের পরিবারের দাবি, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার সকালে সাথী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এরই মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ঘটনার জেরে রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী সাথীর শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌপথ থাকায় বিকল্প সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের পৌঁছাতে সময় বেশি লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্টোল দিয়ে আগুন ধরিয়েছে দুবৃর্ত্তরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গৃহবধুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা তার শ্বশুরবাড়িতে আগুন দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’