গাইবান্ধায় পৃথক অগ্নিকাণ্ডে ৬ দোকান ও ৮ ঘর পুড়ে ছাই
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মালামাল ও নগদ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, সোমবার (৯ মার্চ) ভোর ৫টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একটি ডেন্টাল কেয়ার, একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানসহ মোট ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অন্যদিকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা গ্রামের বাধের মাথা এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নইমুদ্দির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা ঘুঁটা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লাল মিয়া এর ৩টি বসতঘর, মোতালেব এর ১টি বসতঘর এবং নইমুদ্দির ১টি গোয়ালঘর ও ২টি বসতঘরসহ মোট ৮টি ঘর পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার খলিলুর রহমান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে।