জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ
সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি। এই বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে জুলাই সনদ আদেশের মাধ্যমে। কোনো নির্বাচিত সরকার যেন এই বাস্তবতাকে উপেক্ষা না করে।’
সোমবার (৯ মার্চ) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যদি জাতীয় সংসদে আবারও পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যায়, তাহলে দেশে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না, জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এমন কোনো পদক্ষেপ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের সঙ্গে সরাসরি বেঈমানির শামিল হবে।
তিনি আরও বলেন, আজকের এই ইফতার মাহফিলে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে ঐক্যের বার্তা দিয়েছে, ঠিক একইভাবে সংসদেও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আদেশ কার্যকর করেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এমপি হাসনাত আব্দুল্লাহসহ প্রমুখ।