সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)- এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের রয়েল পাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের মাননীয় চার্জ দ্য আফেয়ার্স জনাব লুৎফুন নাহার। পাশাপাশি অতিথি হিসেবে, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও সাদাত মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশের রেমিটেন্স খাতে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি- সিআইপি’ হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে, বিডিচ্যামের পক্ষ থেকে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. বায়েজীদ হোসেনকে বিদয়জনিত সংবর্ধনা প্রদান করা হয়।
বিডিচ্যাম সভাপতি তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকল সময়ে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ব্যবসায়ী নেতাদের মধ্যে ফিলিপ রহমান, আসাদ মামুন, আমানুল হক আমান, নাসিরুল ইসলাম মনি, মোশারফ হোসেন, নাজমুল খানসহ অন্যান্য কাউন্সিল সদস্যরা ও সিঙ্গাপুরে অবস্থিত ব্যবসায়ী, তাদের পরিবারগণ ও বাংলাদেশি সোসাইটির বিভিন্ন স্তরের পেশার মানুষজন অংশগ্রহণ করেন।