মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১
সংগৃহীত ছবি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জেরে মনিরুজ্জামানের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালান প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও লুটপাটও করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।