বন্ধ হয়ে গেছে উত্তর কোরিয়ার ম্যারাথন
প্রতিকী ছবি
এপ্রিলের শুরুতে হাজারো দৌড়বিদ প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ ইউরোপ থেকে, কেউ এশিয়ার বিভিন্ন দেশ থেকে।লক্ষ্য ছিল একটাই—উত্তর কোরিয়ার রাজধানীতে বিখ্যাত ম্যারাথনে দৌড়ানো। কিন্তু হঠাৎই এল অপ্রত্যাশিত খবর।
কোনো ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হলো পুরো আয়োজন।
খবর অনুসারে, ২০২৬ সালের পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল ম্যারাথন হঠাৎ বাতিল করেছে ডিপিআর কোরিয়া অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। দৌড়টি হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। ইতিমধ্যে সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল।
এই সিদ্ধান্তের খবর জানানো হয় বেইজিংভিত্তিক ভ্রমণ সংস্থা কোরিও ট্যুরস–কে। এই প্রতিষ্ঠানটি বিদেশি পর্যটকদের উত্তর কোরিয়ায় ভ্রমণের ব্যবস্থা করে থাকে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত—এ নিয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ার ক্রীড়া কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, ‘কিছু কারণে’ ম্যারাথন বাতিল করা হয়েছে।
তবে অনলাইনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান–সংকটের কারণে উত্তর কোরিয়া হয়তো নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছে।
যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। এই ম্যারাথনের ইতিহাসও বেশ পুরোনো। ১৯৮১ সালে প্রথম আয়োজন করা হয় এটি।
উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সাং–এর জন্মদিনকে স্মরণ করা।
কোভিড-১৯ মহামারির কারণে প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবার এই দৌড় আয়োজন করা হয়েছিল। বিদেশি অংশগ্রহণকারীদের কারণে এটি দেশটির জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসও ছিল।
কোরিও ট্যুরসের কর্মকর্তা সাইমন ককারেল বলেন, উত্তর কোরিয়ায় আসল তথ্য পাওয়া অনেক সময় কঠিন। তাই এই সিদ্ধান্তের প্রকৃত কারণ হয়তো কখনোই জানা যাবে না।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ায় এটিই একমাত্র আন্তর্জাতিক ম্যারাথন। তাই এটি বাতিল হলে দৌড়বিদদের জন্য দেশটিতে ভ্রমণের আর কোনো বিকল্প থাকবে না।