সুন্দরবনে ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

সুন্দরবনে ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

প্রতিকি ছবি

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করেছে কোস্ট গার্ড। তার স্বীকারোক্তিতে বনের গহীনে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় মোংলা কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করে। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।

আটককৃত ডাকাত ওসমান গনি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।