হরমুজ প্রণালিতে কি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান?

হরমুজ প্রণালিতে কি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান?

ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সূত্র।তবে এ বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছে একটি ইরানি সূত্র। 

ভারতীয় ওই সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে আসে। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় পতাকাবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

তবে বিষয়টির সংবেদনশীলতার কথা উল্লেখ করে সূত্রটি নাম প্রকাশে রাজি হয়নি। অন্যদিকে ইরানের একটি সূত্র বলেছে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।

এদিকে বুধবার হরমুজ প্রণালিতে ভারতের পশ্চিমাঞ্চলের কান্ডলা বন্দরের উদ্দেশে যাওয়া একটি থাই জাহাজে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চলমান পশ্চিম এশিয়া সংকটে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরো বলা হয়, এর আগেও এমন হামলায় ভারতীয় নাগরিকসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সাম্প্রতিক হামলাগুলোর তীব্রতা ও প্রাণঘাতিতা আরো বাড়ছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ১৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা বর্তমান দামের প্রায় দ্বিগুণ।

এদিকে চলতি সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইরানের বিবরণ অনুযায়ী, ওই আলোচনায় হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

হরমুজ প্রণালির পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা ও আমদানিকারক দেশ ভারত বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে। এর অংশ হিসেবে রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে দেশটি।