মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতন, গ্রেফতার ১

মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতন, গ্রেফতার ১

প্রতিকি ছবি

বগুড়ার শেরপুরে ব্যাডমিন্টন খেলায় বিরোধকে কেন্দ্র করে এক মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১১ মার্চ) ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলভী(১৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার মাহমুদুল হাসান (১৩) স্থানীয় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। 

জানা যায়, গত ৬ মার্চ দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মাহমুদুল হাসান খেলাধুলা নিয়ে বিরোধের জেরে শহরের তালতলা এলাকায় কয়েকজন যুবকের হাতে আটক হয়। এরপর তাকে শহরের খন্দকারটোলা এলাকাস্থ শামছুল হক মুন্সির বাড়িতে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। পরবর্তীতে নির্যাতনের কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি মামলার পরপরই অভিযান এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।