আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত, নতুন ঠিকানা যেখানে
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের আগুনের লেলিহান শিখা কাতারের লুসাইল স্টেডিয়ামকে গ্রাস করেছে! যেখানে ২০২২ বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা বিজয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন সেই স্বপ্ন ভেঙে চুরমার! যুদ্ধের ছায়া, মিসাইলের আঘাত, অস্থিরতার ঝড়; কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে। ফিনালিসিমা? সেটাও ঝুঁকির মুখে!
এরই মধ্যে ইউরোপের গণমাধ্যমের খবর অনুযায়ী, টিকিট বিক্রি হয়ে গেছে ৮৮,০০০-এরও বেশি! ফুটবল প্রেমীরা অপেক্ষায় কোথায় হবে এই মহাযুদ্ধ? মিয়ামি? লন্ডন? রোম? লিসবন? না! শেষ পর্যন্ত সব আলোচনার ঝড় থামিয়ে উঠে এসেছে সান্তিয়াগো বার্নাব্যুর নাম।
২৭ মার্চ তারিখে নির্ধারিত এই একক ম্যাচটি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কাতার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনটায় জানায় ইউরোপের একধিক গণমাধ্যমের প্রতিবেদনে। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও বাকি, সূত্রগুলো বলছে মাদ্রিদে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
আগে থেকেই ইউয়েফা ও কনমেবলের পরিকল্পনা ছিল ২০২২ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে (দোহা, কাতার) এই ম্যাচ আয়োজন করা। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতার জেরে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন দেশের সব টুর্নামেন্ট ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে। এর ফলে আয়োজকরা দ্রুত বিকল্প ভেন্যু খোঁজার কাজ শুরু করেন এবং কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
প্রথমে মিয়ামি ও লন্ডনের নাম জোরালোভাবে উঠে আসে। এছাড়া লিসবন, প্যারিস, রোমের মতো শহরও আলোচনায় ছিল। আয়োজকদের মূল লক্ষ্য ছিল এমন একটি ভেন্যু বেছে নেওয়া যেখানে অবকাঠামো প্রস্তুত, খেলোয়াড়দের (বিশেষ করে ইউরোপের ক্লাবে খেলা তারকাদের) যাতায়াত সহজ এবং নিরাপত্তা নিশ্চিত। মিয়ামি দ্রুত বাদ পড়ে যায় এবং লন্ডনের গতিও কমে আসে। শেষ পর্যন্ত আলোচনার পর মাদ্রিদের আইকনিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামই সবচেয়ে শক্তিশালী অপশন হিসেবে উঠে আসে। রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডটি সম্প্রতি নতুন করে সংস্কার করা হয়েছে, যা এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য আদর্শ।
ফিনালিসিমা হলো ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে একটি একক ম্যাচ। এটি পুরনো আর্টেমিও ফ্রাঞ্চি কাপের উত্তরসূরি। সর্বশেষ ২০২২ সালে ওয়েম্বলিতে এই ম্যাচ হয়েছিল, যেখানে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামাল-রদ্রির স্পেনের মুখোমুখি লড়াইয়ে ফুটবল বিশ্ব উত্তেজনায় ফুটবে।